শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ের তারিখ আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন। সকালে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত মঙ্গলবার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মূল আসামি সোহেল রানা পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্নাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হলে সে আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। পুলিশ মাত্র ৫ দিনের মাথায় (২৪ মে) এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছিল।