শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বর্ষা মৌসুমের শুরুতেই দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় রাজধানী ঢাকাসহ দেশের চারটি জেলাকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল শনিবার (৬ জুন) দেশব্যাপী একযোগে সচেতনতামূলক র্যালি আয়োজনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদদের গবেষণায় দেখা গেছে—ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এসব এলাকায় লার্ভার উপস্থিতি পরিমাপক ‘ব্রুটো ইনডেক্স’ পাওয়া গেছে ৭৬ থেকে ৯৩ পর্যন্ত, যেখানে এই সূচক ২০-এর বেশি হলেই ডেঙ্গুর উচ্চঝুঁকি ধরা হয়। গবেষণার তথ্যমতে, প্রায় ৪৮ শতাংশ এডিস লার্ভাই পাওয়া গেছে ভবনের পার্কিং এলাকা ও বেজমেন্টে। এছাড়া নির্মাণাধীন ভবনগুলোতেও প্রচুর লার্ভা মিলেছে।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্ষাপূর্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিকেই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে; যার মধ্যে ২৭টি ওয়ার্ড রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৭ জুন থেকে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করবে ডিএসসিসি।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার সকাল ১০টায় দেশের সব সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিভাগ, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে একযোগে সচেতনতামূলক র্যালি করতে হবে। এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু সরকারি উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বর্ষায় মহামারি এড়াতে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, অফিস ও চারপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।