শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং নেপথ্যের দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বুধবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। রাজনৈতিক বিরোধিতার বাইরেও এর পেছনে ভারতের সম্ভাব্য সম্পৃক্ততা ও গভীর আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে বলে দাবি করেন নেতারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর মতো এলাকায় একজন সংসদ নির্বাচন প্রার্থীকে গুলি করে হত্যার পরও খুনিরা কয়েক ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে পালাল, অথচ গোয়েন্দা সংস্থাগুলো তা শনাক্ত করতে পারল না।
হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেছে ইনকিলাব মঞ্চ। সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রকাশনা সম্পাদক ফাহিম মীর ও সদস্য হাবিবুল্লাহ মিসবাহসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।