শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলারই একাধিকবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিততে পারেননি। তবে উত্তর আমেরিকার মঞ্চে এবার সেই ইতিহাস ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে তিন সাবেক মহাতারকার সামনে। একই সঙ্গে বিশ্বমঞ্চে প্রথমবার এই ট্রফি উঁচিয়ে ধরতে মুখিয়ে আছেন বর্তমান সময়ের আরও বেশ কিছু শীর্ষ তারকা।
সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইনকে ঘিরে। ২০১৮ আসরের গোল্ডেন বুটজয়ী কেইন এবার ইংলিশদের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আসা কেইনের লক্ষ্য ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়া। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে এবারও ফ্রান্সের প্রধান অস্ত্র। মাত্র ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা এবার আর ৫টি গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেবেন।
পুরস্কারটির দৌড়ে অন্য বড় নাম ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড। তবে কঠিন গ্রুপে পড়া নরওয়ে টুর্নামেন্টে কত দূর যেতে পারে, তার ওপর নির্ভর করছে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের ভাগ্য। এদিকে ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ৭ গোল করলেও এমবাপ্পের কাছে বুট হাতছাড়া হয়েছিল তার; এবার সেই অধরা ট্রফিটি ছুঁয়ে দেখার শেষ সুযোগ ‘লা পুলগা’র সামনে। ৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা নিয়ে পর্তুগালকে নেতৃত্ব দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এছাড়া স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, ফ্রান্সের উসমান দেম্বেলে এবং আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকারাও যেকোনো মুহূর্তে পালটে দিতে পারেন গোল্ডেন বুটের পুরো সমীকরণ।