শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা চার কমিশনার হলেন—মু. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।
বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, ব্যক্তিগত কাজে মনোনিবেশ করার জন্যই তিনি ২১ মাস দায়িত্ব পালনের পর এই সরকারি পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিদায়ী বার্তায় তিনি উল্লেখ করেন, দেশের এক উত্তাল সময়ে দায়িত্ব নিয়ে তারা বাজার শৃঙ্খলার দীর্ঘমেয়াদী সংস্কার শুরু করেছিলেন। এই স্বল্প সময়ে মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ডসহ ৫টি বিধি গেজেটভুক্ত করা হয়েছে এবং বেশ কিছু নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। আইনের শাসন পুনরুদ্ধার এবং বাজারে পরিপালন নিশ্চিত করার মাধ্যমে পুঁজিবাজারে একটি স্থায়ী প্রভাব ফেলতে পেরেছেন বলেও তিনি দাবি করেন।