রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পশ্চিম এশিয়ায় চলমান তীব্র উত্তেজনার মাঝেই আকস্মিক যুদ্ধবিরতির আভাস মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে আপাতত পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। সোমবার (৮ জুন) উভয় দেশের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ঘোষণায় জানান, চলমান সংঘাত এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তেহরানের পক্ষ থেকে তাদের সব ধরনের সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা আসে।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আপাতত হামলা বন্ধ রাখা হলেও ইসরাইল যদি পুনরায় ইরান কিংবা লেবাননে কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এর আগে, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দুই দেশের মধ্যে দফায় দফায় পালটাপালটি হামলা চলে, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দুই দেশকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান। ট্রাম্পের এই ব্যক্তিগত মধ্যস্থতা ও অনুরোধের পরেই মূলত দুই পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত নেয় বলে নিশ্চিত করেছে ইসরাইলি সংবাদমাধ্যম।