শনিবার, ২০ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় মেতেছেন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই প্রথমার্ধের তিন গোলকে কেন্দ্র করেই ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে নতুন ট্রল ও ভার্চুয়াল লড়াই।
অনলাইনে একটি মন্তব্য এখন সবচেয়ে বেশি ভাইরাল। যেখানে লেখা হয়েছে, “ব্রাজিলের হাফটাইমে গোলের সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান!”
সমর্থকদের ধারণা, মন্তব্যটিতে হাইতির বিপক্ষে প্রথমার্ধে ব্রাজিলের করা ৩ গোল এবং আর্জেন্টিনার ৩টি বিশ্বকাপ জয়ের সংখ্যাকে ইঙ্গিত করে এই খোঁচা দেওয়া হয়েছে। পোস্টটি মুহূর্তেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। ব্রাজিলের ৫টি বিশ্বকাপ শিরোপার বিপরীতে আর্জেন্টিনার রয়েছে ৩টি ট্রফি। ফলে যেকোনো বড় জয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিসংখ্যানভিত্তিক ট্রল ও খোঁচার বন্যা দেখা যায়। হাইতির বিপক্ষে মাঠের পারফরম্যান্সে ব্রাজিলের এই দাপুটে জয় যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের ভার্চুয়াল লড়াইকে নতুন করে জমিয়ে তুলেছে।