শনিবার, ২০ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের পর খুলনায় বিরোধী জোটের এটিই স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে বলে আশা করছেন নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।
সমাবেশকে ঘিরে খুলনা বিভাগের ১০টি জেলা ও উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে এবং নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হোসাইন এবং সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে ১৭টি উপ-কমিটি কাজ করেছে। এই সমাবেশ থেকে সংসদের বিরোধী জোটের অবস্থান, সরকারের সমালোচনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে ধারণা করা হচ্ছে।