রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। সম্পর্কটি এখন ‘ভেঙে যাওয়ার’ মুখে বলে দাবি করেছেন ইসরায়েলের একজন সাবেক শীর্ষ কূটনীতিক।
মঙ্গলবার (৯ জুন) সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটিতে নিযুক্ত ইসরায়েলের সাবেক কনসাল জেনারেল অ্যালন পিঙ্কাস এই বিস্ফোরক তথ্য জানান। ট্রাম্প ও নেতানিয়াহু এখন আর এক সুরে কথা বলছেন না উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে তারা একই বইয়ের পাতাতেও নেই।” গত দুই সপ্তাহে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যেই সম্পর্কের এই টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।
সাক্ষাৎকারে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের কোনো ‘এক্সিট প্ল্যান’ বা প্রস্থান কৌশল না থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পিঙ্কাস। তিনি অভিযোগ করেন, এই সংঘাতকে নেতানিয়াহু নিজের রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানিয়েছেন।
পিঙ্কাস আরও বলেন, কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধের কোনো শেষ নেই, এখানে আসলে একটি রাজনৈতিক খেলা চলছে। নেতানিয়াহু সামনে নির্বাচনের দিকে এগোচ্ছেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তাকে একটি স্থায়ী যুদ্ধাবস্থা বজায় রাখতে হচ্ছে এবং তার মতে এটাই একমাত্র পথ।