বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে তারেক রহমানকে স্বাগত জানাল কক্সবাজারবাসী

বৃষ্টি উপেক্ষা করে তারেক রহমানকে স্বাগত জানাল কক্সবাজারবাসী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সকাল থেকেই কখনো গুঁড়িগুঁড়ি, আবার কখনো ঝুম বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়াও দমাতে পারেনি সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আবেগ। ছাতা, রেইনকোট মাথায় দিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই তারা অপেক্ষায় ছিলেন সরকারপ্রধানের জন্য। অবশেষে আজ শনিবার (১৩ জুন) দিনব্যাপী সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো পর্যটন নগরীজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন:
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী কক্সবাজার সদরের পিএমখালীতে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ডিসেম্বরে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খালের খননকাজ শুরু করেছিলেন। খালটি পুনঃখনন হলে এলাকার কৃষি ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং প্রায় দুই লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা:
এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজরা সাফারি পার্কে যান। সেখানে তিনি পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশব্যাপী একযোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও নতুন উপজেলার ঘোষণা:
প্রধানমন্ত্রী পেকুয়ায় গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা ও থানার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

চকরিয়ায় বিশাল জনসভা ও সুধী সমাবেশ:
বিকেলে চকরিয়া উপজেলা বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি কক্সবাজারের নান্দনিক মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় জেলার বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি:
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর সর্বোচ্চ নিরাপত্তা ও সমন্বয়ের মাধ্যমে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com