বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকার সাভারের আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ স্টক লট ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) মারা গেছেন। শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়া এই ব্যবসায়ী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার সিদ্দিক ভেন্ডার গ্রামে। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় ব্যবসা করতেন এবং রশিদ মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় একাই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টার দিকে দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে কক্ষে ঘুমিয়ে ছিলেন মিজানুর। এ সময় অতিরিক্ত তাপমাত্রা বা ওভারহিটিংয়ের কারণে হঠাৎ বিকট শব্দে মোবাইল দুটি বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস জানিয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রায়ই মোবাইল বা চার্জার বিস্ফোরণের এমন দুর্ঘটনা ঘটে থাকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com