রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এবার পরোক্ষ কিন্তু কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি নিবন্ধ শেয়ার করে তিনি এই বার্তা দেন, যার শিরোনাম ছিল—‘নেতানিয়াহুর নড়বড়ে পুনর্নির্বাচনের সব তাস ট্রাম্পের হাতে’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো ক্যাপশন না দিলেও এই নিবন্ধ শেয়ারের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা তাঁর হাতেই রয়েছে। ২০২৬ সালের অক্টোবরে অনুষ্ঠেয় ইসরায়েলের সাধারণ নির্বাচনে ট্রাম্পের সমর্থন একটি ভাগ্যনির্ধারক ফ্যাক্টর হতে যাচ্ছে।
চাপের মুখে নেতানিয়াহু, বিকল্প খুঁজছেন ট্রাম্প?
ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের পর সাম্প্রতিক সময়ে এই দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ট্রাম্প ইসরায়েলের সামরিক কৌশলের সমালোচনা করে আচরণে ‘নমনীয়তা’ আনার তাগিদ দিয়েছেন। এমনকি বৈরুতে সামরিক অভিযান বন্ধের পেছনে নিজের প্রভাবের কথাও দাবি করেছেন তিনি।
নেতানিয়াহুকে সমর্থনের প্রশ্নে কিছুটা রহস্য বজায় রেখে ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘খুব সম্ভবত’ নেতানিয়াহুকেই সমর্থন দেবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অন্য প্রার্থীদেরও মূল্যায়ন করতে চান। ওয়াশিংটনের ইচ্ছা উপেক্ষা করলে ট্রাম্প ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বা গাদি আইজেনকোটের মতো বিকল্প নেতাদের দিকে হাত বাড়াতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে। বর্তমানে যুদ্ধ ও অভ্যন্তরীণ টানাপোড়েনে ইসরায়েলের ভেতরেই তীব্র চাপের মুখে আছেন নেতানিয়াহু।