বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির পর সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা বর্জন করে বৈঠককক্ষ ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গালিবাফ জানান, ট্রাম্প ইরানের মূল ভূখণ্ড ও প্রতিনিধি দলের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দেওয়ায় তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে। আলোচনার মাঝপথে এমন হুমকিতে ক্ষোভ প্রকাশ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। তিনি ভ্যান্সকে মনে করিয়ে দেন, দুই দেশের মধ্যকার সমঝোতার প্রথম ধারা অনুযায়ী যেকোনো সামরিক হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ। ইরান কখনোই চাপ বা ভয়ভীতির মুখে সংলাপে অংশ নেবে না।
বৈঠক কক্ষ ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের দেওয়া পুনরায় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ইরানি প্রতিনিধিরা।
এর আগে, ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এবং ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালি ও লেবানন ইস্যুতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত ১৪ জুন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটি ১৪ দফা শান্তি সমঝোতায় পৌঁছালেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এই চুক্তির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।