বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। আগামী ১ জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের জীবনমান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নতুন পে স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে সুনির্দিষ্ট কত বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
নতুন বেতন কাঠামোতে সব পর্যায়ে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৯.০৭৬ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে সব ভাতা মিলিয়ে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারী মোট ৪১ হাজার ৯০৮ টাকা পাবেন।
নতুন পে স্কেলে প্রধান কয়েকটি গ্রেডের বেতন কাঠামো (মূল বেতন) নিচে দেওয়া হলো:
গ্রেড ১: ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা
গ্রেড ২: ৬৬,০০০ টাকা থেকে বেড়ে ১,৩২,০০০ টাকা
গ্রেড ১০: ১৬,০০০ টাকা থেকে বেড়ে ৩২,০০০ টাকা
গ্রেড ২০: ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা