শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স দীর্ঘ ৬ মাস পর খোলা হয়েছে। এবার দানবাক্সগুলো থেকে রেকর্ডসংখ্যক ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। টাকা ছাড়াও সিন্দুকগুলোতে বরাবরের মতো মিলেছে বিপুল পরিমাণ সোনা-রুপার অলঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা।
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে মসজিদের দোতলায় চলছে টাকা গণনার কাজ। রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা এবং স্থানীয় মাদ্রাসার প্রায় ৩০০ জন ছাত্র-শিক্ষক এই টাকা গণনায় অংশ নিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, টাকা গণনা শেষ না হওয়া পর্যন্ত পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এবার সময় দ্বিগুণ (৬ মাস) হওয়ায় পূর্বের সব রেকর্ড ভেঙে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
জনশ্রুতি অনুযায়ী, প্রায় আড়াইশ বছর আগে এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় অবস্থান নেন। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত এই মসজিদটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি পায়। আজ সন্ধ্যা নাগাদ টাকা গণনার চূড়ান্ত হিসাব জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।