মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচেই বড় অঘটন! সব পূর্বাভাস ভুল প্রমাণ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। এই ঐতিহাসিক ও অবিশ্বাস্য জয়ের পর প্যারাগুয়েতে মঙ্গলবার (৩০ জুন) এক ডিক্রির মাধ্যমে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।
পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে জার্মানির স্পষ্ট আধিপত্য ছিল। জার্মানরা যেখানে গোলে ২১টি শট নেয়, সেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি। নির্ধারিত সময়ের ৫৪ মিনিটে কাই হাভার্টজের গোলে জার্মানি সমতায় ফেরে। এরপর অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে জোনাথান টাহর একটি গোল ভিএআর (VAR) প্রযুক্তির সাহায্যে বাতিল হয়, কারণ তিনি প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো হিলকে বাধা দিয়েছিলেন।
ম্যাচ টাইব্রেকারে গড়ালে আসল নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো হিল। তিনি জার্মানির কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট দুর্দান্তভাবে রুখে দেন। যদিও প্যারাগুয়ের সানাব্রিয়া ও বালবুয়েনা সুযোগ হাতছাড়া করায় ম্যাচ সাডেন ডেথে পৌঁছায়। সাডেন ডেথে জার্মানির জোনাথান টাহর শট বারের ওপর দিয়ে চলে গেলে সুযোগ আসে প্যারাগুয়ের সামনে। মিডফিল্ডার হোসে কানালে জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
আগামী শনিবার ফিলাডেলফিয়ায় সেমিফাইনালের ওঠার লড়াইয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে।