সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে আবারও বড় ব্যবধানে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৫ হাজার ২৯ো টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৫,১৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪,৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫০,৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার অলঙ্কার বিক্রির সময় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না, শুধু নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এর আগে গত ২৭ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৩ বার সোনার দাম সমন্বয় করা হলো।
অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।