সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক অভিযানের জবাবে ওই অঞ্চলে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (২৮ জুন) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় রাত ২টা থেকে ৩টার মধ্যে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও ছিল। আইআরজিসির দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে। তবে ওয়াশিংটন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি।
এর আগে শনিবার ভোরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হস্তক্ষেপের অজুহাতে ইরানের পাঁচটি উপকূলীয় স্থাপনায় হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। আইআরজিসি এই মার্কিন হামলাকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা’র লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন চালানো হলে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে। এদিকে ইরানের হরমোজগান প্রদেশ ও কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।