শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ভারী বৃষ্টিতে ডুবল রেললাইন: কক্সবাজার রুটে সব ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ভারী বৃষ্টিতে ডুবল রেললাইন: কক্সবাজার রুটে সব ট্রেন চলাচল সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের যাত্রা বাতিল করা হয়। ট্রেনটি বুধবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে, তবে তা চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অন্যদিকে, ঢাকা থেকে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষায় রয়েছে; লাইন নিরাপদ না হওয়া পর্যন্ত এটি কক্সবাজারে যাবে না। এছাড়া বুধবার ‘প্রবাল এক্সপ্রেস’ ও ‘সৈকত এক্সপ্রেস’-এর যাত্রাও বাতিল করা হয়েছে। ফলে বুধবার রাতে কক্সবাজার থেকে ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো আন্তঃনগর ট্রেন চলবে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত যাত্রীরা চট্টগ্রাম রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে নিয়ম অনুযায়ী টিকিটের পুরো টাকা ফেরত (রিফান্ড) নিতে পারবেন। এছাড়া ঢাকায় ফিরতে ইচ্ছুক যাত্রীরা বিকেল ৪টায় কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে রওনা হতে পারবেন। কক্সবাজারগামী যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে রেলওয়ে। পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত হওয়া মাত্রই দ্রুত ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com