শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মেয়াদের প্রায় অর্ধেক সময়ে এসে পদত্যাগ করতে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। থাইল্যান্ড সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শুক্রবার (২৪ ২৪ জুলাই) দেশে ফিরলে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে রাষ্ট্রপতির প্রেস সচিবসহ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নিয়ম অনুযায়ী, সংবিধানের ৪৮ থেকে ৫৪ অনুচ্ছেদের আওতায় স্পিকারের কাছে স্বাক্ষরিত চিঠি জমা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার এই দায়িত্ব পালন করবেন।
সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর, তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে সরকার থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। এর আগে ছাত্রনেতারা তাঁর অপসারণ দাবি করলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের সাথে রাষ্ট্রপতির রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হয়।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শারীরিক বা ব্যক্তিগত কারণে কেউ পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী সরকারের আলাদা কিছু করার নেই। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এ প্রক্রিয়ায় পদত্যাগ সম্পন্ন হলে তা সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিনের স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি হিসেবে কার নাম আসছে, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।