বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী সরকারপ্রধান (প্রধানমন্ত্রী) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। এর মধ্য দিয়ে তিউনিসিয়ার নাজলা বুদেনের পর আরব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত মরক্কোর সংসদীয় নির্বাচনে ৫০ বছর বয়সী মানসুরির মধ্যপন্থি দল ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) ৩৯৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ৯৭টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না থাকায় মানসুরিকে এখন অন্যান্য দলের সঙ্গে জোট গঠন করতে হবে। মঙ্গলবার রাজপ্রাসাদের এক বিবৃতিতে নিয়োগের তথ্য জানানো হলে নিজের এই অর্জনকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেন তিনি।
পেশায় আইনজীবী ফাতিমা জাহরা এল মানসুরি ২০০৯ ও ২০২১ সালে মারাকেশ শহরের মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দেশটির নগর পরিকল্পনা, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ও বিশাল অঙ্কের অবকাঠামোগত উন্নয়ন তদারকিতে ফাতিমার নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।