বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি ‘তুপোলেভ টিইউ-৯৫’ (Tu-95) সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মাটিতে আছড়ে পড়ার পর জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বিমানে থাকা এক ক্রু সদস্য আহত অবস্থায় বেঁচে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আমুর অঞ্চলের ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। চীন সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ বা অস্ত্র ছিল না।
সোভিয়েত আমলে তৈরি দীর্ঘপাল্লার এই ভারী বোমারু বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অ্যারোস্পেস ফোর্সেসের একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেছে মস্কো। আহত ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।