বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মঞ্চে তাঁর পা রাখা মানেই দর্শক-শ্রোতাদের মাঝে উন্মাদনার ঢেউ। তবে চার দশক আগে পোশাক বিভ্রাটের কারণে ক্যারিয়ার প্রায় ধ্বংস হতে বসেছিল বলে জানিয়েছেন মার্কিন পপতারকা ম্যাডোনা। সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) এক অনুষ্ঠানে সেই বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন এই গায়িকা।
১৯৮৪ সালে নিউ ইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে ভিএমএ-এর মঞ্চে ‘লাইক আ ভার্জিন’ গানটি পরিবেশন করছিলেন ম্যাডোনা। মারিপলের ডিজাইন করা সাদা বিয়ের পোশাক, ‘বয় টয়’ বেল্ট ও ক্রুশ আকৃতির কানের দুল ছিল তাঁর পরনে। পারফরম্যান্সের একপর্যায়ে জুতার একটি স্টিলেটো (হিল) খুলে পড়ে গেলে পরিস্থিতি সামলাতে তিনি মঞ্চে ঝাঁপিয়ে গড়িয়ে পড়েন, যেন ঘটনাটি নাচেরই অংশ মনে হয়। কিন্তু তখনই বিপত্তি বাধে—পোশাক উঠে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরের পেছনের অংশ দৃশ্যমান হয়ে পড়ে।
দর্শকরা ঘটনাটিকে পরিকল্পিত ও উস্কানিমূলক মনে করলেও এটি ছিল আকস্মিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত চিৎ হয়ে মঞ্চে শুয়ে পারফরম্যান্স শেষ করেন তিনি। অনুষ্ঠান শেষে গর্ব নিয়ে ব্যাকস্টেজে ফিরলেও ম্যানেজারের এক সহকারী তাঁকে বলেছিলেন—‘আপনার ক্যারিয়ার এখানেই শেষ!’ তবে সেই আশঙ্কা ভুল প্রমাণ করে বিশ্বসংগীতের ইতিহাসে নিজের রাজত্ব কায়েম করেছেন পপ কুইন ম্যাডোনা।