বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার নানাবিধ সমস্যার প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশজুড়ে চলা এই সহিংস বিক্ষোভে অন্তত ৪০০টি ‘লিসে’ (হাইস্কুল) ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতা ও পথ অবরোধের অভিযোগে পুলিশ ৪৪০ জনকে আটক করেছে, যাদের বড় অংশই অপ্রাপ্তবয়স্ক।
বিক্ষোভকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে ১০ জন শিক্ষক, একাধিক শিক্ষার্থী এবং ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে ‘দমন-পীড়ন’ ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলে।
একই দিনে বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে ফরাসি শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীরাও ধর্মঘট ও কর্মবিরতি পালন করেন। দেশজুড়ে প্রায় ২ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।