রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
সংস্থাটি জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের খণ্ডিতাংশ মক্কার ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে আছড়ে পড়েছে। এর আগে মক্কাসহ পশ্চিমের চারটি প্রদেশে জরুরি সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একে ‘চরম মিথ্যাচার’ আখ্যা দেন। এর আগে হুতিরা দাবি করে, তারা শুক্র ও শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর, দুটি তেল শোধনাগার, পাইপলাইন এবং একটি বিমানঘাঁটিতে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে এডেনেও কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে হুতিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইয়েমেন সরকার।