শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় যুক্তরাজ্য এনসিপির স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। লন্ডনে পৌঁছে বিমানবন্দরে উপস্থিত প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপি আহ্বায়ক।
এর আগে গত সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
সফরসূচি অনুযায়ী, যুক্তরাজ্যে অবস্থানকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
সফরের অন্যতম আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, ঘটনাপ্রবাহ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হওয়া নতুন অধ্যায় নিয়ে আলোকপাত করবেন।
পাশাপাশি যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে এই সফরে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।