শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার এবং প্রান্তিক পর্যায়ে সরকারিভাবে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ‘১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র ও বিনিয়োগের সুফল প্রসঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, প্রান্তিক ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন। এ পরিস্থিতি উত্তরণে প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের পাশাপাশি তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা খুব সহজেই দূর করা সম্ভব।
পেশাজীবী সংগঠনগুলোর স্বকীয়তা রক্ষার বিষয়ে জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নেওয়া উচিত। পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা ঠিক নয়। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।