বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর এলাকার মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ্ আলম (৩২)।
অভিযানের বিষয়ে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।