বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’ বিতর্কেও থেমে নেই রামায়ণ: ৭ দিনে আয় ১২৫৬ কোটি টাকা স্বর্ণের দামে বড় পতন, দুই দিনে কমল প্রায় ৫ হাজার টাকা ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও হুমকি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ানে তাঁর পৈতৃক বাড়িতে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই নাশকতামূলক হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরাসরি দায়ী করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দৌলতপুরের বাগোয়ানে ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়ির সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নুসরাত তাবাসসুম। আগের রাতে বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত গ্রামের বাড়িতে ছুটে যান তিনি। সংবাদ সম্মেলনে তাঁর বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তিনি প্রথম অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে হুমকির কল পান। বিষয়টি জানিয়ে ওই রাতেই ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেন তিনি। তবে জিডি করার পরও তাঁকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া বন্ধ হয়নি।

হামলার রাতের ভয়াবহ বর্ণনা দিয়ে তিনি বলেন, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি সতর্কতামূলক ও হুমকিস্বরূপ পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে আমাদের বাড়িতে পরপর বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধরন দেখে স্পষ্ট বোঝা গেছে, এটি পরিকল্পিত পেট্রলবোমা হামলা।

এ ঘটনায় স্থানীয় সাধারণ কেউ জড়িত নন দাবি করে এনসিপির এই শীর্ষ নেত্রী বলেন, আমি মনে করি, এটি একটি সুপরিকল্পিত নাশকতা এবং আওয়ামী লীগেরই কাজ। হামলার পর তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসও প্রকাশ করছে। তিনি আরও যোগ করেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁকে কিংবা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য নুসরাত অভিযোগ করেন, ঘটনার প্রায় ১২ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে জানিয়েছেন, আলামত সংগ্রহের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ ফরেনসিক দল আসছে। সংবাদ সম্মেলন শেষে দৌলতপুর থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com