বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’ বিতর্কেও থেমে নেই রামায়ণ: ৭ দিনে আয় ১২৫৬ কোটি টাকা স্বর্ণের দামে বড় পতন, দুই দিনে কমল প্রায় ৫ হাজার টাকা ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী

জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে নতুন ঋণের বোঝা না দিয়ে সরাসরি অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ রাখা এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে বিশ্বনেতাদের সামনে সুনির্দিষ্ট পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ-৩১’-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব ও বক্তব্য তুলে ধরেন।

ভাষণে তারেক রহমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। জলবায়ুজনিত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর ওপর ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। এ সংকট উত্তরণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত সমর্থন অপরিহার্য।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব ‘লিড’ (LEED) সনদ অর্জন করেছে।

পরিবেশ সংরক্ষণ ও অভিযোজন পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, পদ্মা ও তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যান বাস্তবায়ন, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন সৃজনের পরিকল্পনার কথাও বিশ্বমঞ্চে তুলে ধরেন তিনি।

বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে যে পাঁচটি প্রস্তাব পেশ করেন, সেগুলো হলো—
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ রাখা এবং নিঃসরণ হ্রাসে সহায়তা অব্যাহত রাখা।
২. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ ঋণ-ত্রাণ সুবিধা চালু করা, যার মধ্যে জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ) অন্তর্ভুক্ত থাকবে।
৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
৪. সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ন্যায্য জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা।
৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যভিত্তিক ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

ভাষণের শেষাংশে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান তৈরির আহ্বান জানান। শুধু প্রতিশ্রুতি নয়, বরং বৈশ্বিক সংহতির মাধ্যমে সেগুলোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com