বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ নিকটাত্মীয়দের অনৈতিক সুবিধা প্রদান এবং অর্থের বিনিময়ে সুপারিশের গুরুতর অভিযোগ নিয়ে জাতীয় সংসদে তুমুল হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ উত্থাপন করলে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক দফা হট্টগোলের মুখে অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল উভয় পক্ষের সদস্যদের শান্ত হয়ে নিজ নিজ আসনে বসার জন্য বারবার অনুরোধ জানান।
প্রশ্নোত্তর পর্বের শুরুতে গাইবান্ধা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ সরকারের বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচির তথ্য তুলে ধরেন। এরপর সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ আনেন হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম উদ্ধৃত করে তিনি অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন সারের ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত এবং তাদের মধ্যে ১০ জনই দলীয় নেতাদের স্ত্রী, সন্তান কিংবা স্বজন। এছাড়া নাটোরে ছাত্রদল নেতা হত্যায় অভিযুক্ত সংসদ সদস্যের সন্তানকেও ডিলারশিপ দেওয়ার তথ্য তুলে ধরেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলারশিপের সুপারিশ করার অভিযোগ এনে হাসনাত প্রশ্ন তোলেন, “আমি এমপি হব, আমার ছেলে, স্ত্রী কিংবা ভাগ্নে ব্যবসায়ী হবে—এই অনিয়মের সংস্কৃতি কবে বন্ধ হবে?” একইসঙ্গে সংরক্ষিত নারী আসনের সদস্যদের নির্বাচনী এলাকার দায়িত্ব বণ্টনের সাংবিধানিক বৈধতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ডিলার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাখ্যা করে বলেন, কোনো একক ব্যক্তির সুপারিশে নয়; বরং উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই কমিটির মাধ্যমে নিয়ম মেনে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বাধীন সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে তিনজনের তালিকা মন্ত্রণালয়ে পাঠান এবং তালিকার শীর্ষ ব্যক্তিকেই ডিলারশিপ দেওয়া হয়। সংসদ সদস্যরা জেলা কমিটির কেবল উপদেষ্টা হিসেবে থাকেন।
কৃষিমন্ত্রীর বক্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম মনি অর্থের বিনিময়ে সুপারিশের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদ সদস্যদের বিরুদ্ধে আনীত এই অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কারো কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তথ্য-প্রমাণ ছাড়া এমন অসত্য অভিযোগ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান চিফ হুইপ। পরে বিরোধী দলের সদস্যরা পুনরায় কথা বলার দাবি জানালেও ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরবর্তী প্রশ্নোত্তরে চলে যান।