বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
শুধু কাগুজে সার্টিফিকেট অর্জন কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব, যুক্তি এবং প্রশ্ন করার সক্ষমতার মেলবন্ধন ঘটলেই তা প্রকৃত জ্ঞানে রূপ নেয়। যে শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং হৃদয়ে আনন্দের প্রদীপ প্রজ্বলিত করে, সেটিই সত্যিকার অর্থে মানুষের জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান একজন মানুষকে কেবল সার্টিফিকেট দিতে পারে। এমনকি একজন ব্যক্তির পিএইচডি ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি বুদ্ধিহীন হতে পারেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যদি সহজাত বুদ্ধিমত্তা ও বিবেকের সমন্বয় না ঘটে, তবে তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় না। শিক্ষা শিক্ষার্থীদের মাঝে দূরদৃষ্টি তৈরি করে উল্লেখ করে তিনি বলেন, এই দূরদৃষ্টি হলো এমন একটি দেখার শিল্প, যা সাধারণের দৃষ্টির বাইরে থাকা বাস্তবতা ও সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায়।
পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনার সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধু পরীক্ষায় পাস করে সনদ পাওয়া কিংবা নিশ্চিত চাকরির নিশ্চয়তাই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য হলো একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে আনন্দের সঙ্গে পাঠদানের প্রতি গুরুত্বারোপ করে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের হৃদয়ে যাতে জ্ঞানের আনন্দ তৈরি হয়, সেভাবেই পাঠদান নিশ্চিত করতে হবে।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী হিসেবে নবীনবরণে অংশ নেওয়ার স্মৃতি আজও তাঁর মানসপটে স্পষ্ট। যুগের পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের চিরায়ত ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতা আজও অটুট রয়েছে। কলেজের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা—সব মিলিয়ে সমৃদ্ধ সাংস্কৃতিক আবহ যেখানে থাকে, সেখানেই প্রকৃত জ্ঞানচর্চার উর্বর পরিবেশ তৈরি হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর ভেতরেই উড়ার ডানা রয়েছে। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও গভীর অনুশীলনের মাধ্যমেই সেই ডানা প্রসারিত হয় এবং মানুষ নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারে। তিনি আরও যোগ করেন, সাফল্যের জন্য সুস্থ প্রতিযোগিতা থাকা প্রয়োজন, তবে চূড়ান্ত লক্ষ্য অর্জনের পর অহমিকা পরিহার করে আত্মসম্মানবোধকে সমুন্নত রাখতে হবে।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাই স্কুলের সভাপতি মো. সোহেল রহমান।