মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কোনো ষড়যন্ত্রের পথ ধরে সেই পতিত শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করা হলে জাতির সামনে তা উন্মোচন করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের আনুষ্ঠানিক জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে দমন করবে। বিরোধীদল হিসেবে সরকারের কার্যক্রমে সক্রিয় দৃষ্টি রাখা এবং সহযোগিতার মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, সরকার সবসময় বিরোধীদলের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে।
পতিত শক্তির তৎপরতা নিয়ে মন্ত্রী বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং এর নেপথ্যে সীমান্তের ওপার থেকে প্রত্যক্ষ ইন্ধন জোগানো হচ্ছে। বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিরা কীভাবে সেখান থেকে দেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশে কারা তাঁদের অর্থ ও রসদ দিয়ে সহায়তা করছেন—তা খতিয়ে দেখা প্রয়োজন। বিরোধীদলীয় নেতার সংসদ সদস্যদের প্রতি আসা হুমকির তথ্য সরকারকে জানালে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পোশাক খাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পে বড় ধরনের নৈরাজ্য তৈরির লক্ষ্যে একটি গোপন ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল। দেশ ও বিদেশ থেকে এতে বিপুল অর্থ বিনিয়োগ করা হলেও সরকারের সতর্ক পদক্ষেপের কারণে সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সংযম ও ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে, যাতে বলপ্রয়োগকে পুঁজি করে কেউ নতুন রাজনৈতিক ইস্যু তৈরি করতে না পারে। সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সমন্বিত টহল জোরদার রয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে—এমন দাবি নাকচ করে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে ভীতিকর চিত্র তুলে ধরা সমীচীন নয়। সম্প্রতি সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং সিএমএম আদালত এলাকা থেকে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জনশূন্য স্থানে পরিত্যক্ত গাড়িতে আগুন বা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতির প্রমাণ নয়। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছর দেশে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কম হয়েছে।