মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অতীতের ভয়াল ‘আগুন সন্ত্রাসের’ দুঃসহ আতঙ্ক যেন আবারও ফিরে আসছে জনজীবনে। সাধারণ মানুষের প্রাত্যহিক যাতায়াতের প্রধান বাহন গণপরিবহনকে লক্ষ্য করে গত ৯ দিনে ২৮টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একের পর এক নাশকতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। একই সঙ্গে অপরাধীদের আগাম শনাক্ত ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। অপরাধ বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এসব নাশকতার নেপথ্যের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি মাসের ২ নভেম্বর থেকে শুরু হয়ে দেশজুড়ে কখনো চলন্ত বাসে পেট্রল বোমা বা অগ্নিসংযোগ, কখনো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, আবার কখনো একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি পুলিশের টহল গাড়ি ও থানাও এই নাশকতা থেকে রেহাই পাচ্ছে না। গত ২ নভেম্বর থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত নাশকতার আগুনে অন্তত ২৮টি বাস ভস্মীভূত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনভিত্তিক চিত্রে দেখা যায়—গত ৮ নভেম্বর তিনটি, ৯ নভেম্বর পাঁচটি এবং ১০ নভেম্বর দুপুর পর্যন্ত একদিনেই সর্বোচ্চ ১২টি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসের পাশাপাশি মালবাহী ট্রাক, লরি ও বিভিন্ন ব্যবসায়িক স্থাপনাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
একের পর এক ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও মামলা দায়েরের মতো গতানুগতিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ উঠছে। অপরাধ প্রতিরোধে আগাম গোয়েন্দা নজরদারির ঘাটতি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি সামনে আসছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, নাশকতা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে গোয়েন্দা সংস্থাগুলোর আগাম নজরদারি বাড়ানো বেশি জরুরি। পাশাপাশি আটককৃতরা কেবল ভাড়াটে নাকি নেপথ্যের নির্দেশদাতা, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। নিষিদ্ধ বিভিন্ন সংগঠন কিংবা তৃতীয় কোনো পক্ষ অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে ব্যবহার করে জনমনে এই ভীতি তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নাশকতাবিরোধী কঠোর অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকরা মনে করছেন, কেবল নিয়মিত টহল দিয়ে এই চোরাগোপ্তা হামলা ঠেকানো সম্ভব নয়; এজন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সমন্বিত নজরদারি বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও কার্যকর ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।