বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে নিজ জেলার বাইরে থেকে নিজ জেলায় আসার সুযোগ রাখা হলেও একই জেলার অভ্যন্তরে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির সুযোগ না রাখার বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। ২০২৬ সালের বদলি নীতিমালার ৩.৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।
সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ জন শিক্ষকের করা রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। রুলে নীতিমালার ৩.৪ ধারাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা সংশ্লিষ্ট বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, বিদ্যমান নীতিমালা অনুযায়ী একজন এমপিওভুক্ত শিক্ষক অন্য জেলা থেকে নিজের জেলায় বদলির জন্য আবেদন করতে পারেন। তবে নিজ জেলার ভেতরে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কিংবা এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি।
আইনজীবী আরও যুক্তি তুলে ধরেন, ভৌগোলিক কারণে নিজ জেলার অভ্যন্তরেও অনেক শিক্ষকের কর্মস্থল বাড়ি থেকে শত কিলোমিটার দূরে অবস্থিত। অথচ নীতিমালার বর্তমান বিধিনিষেধের কারণে তারা নিজ জেলার ভেতরে সুবিধাজনক প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারছেন না। সারাদেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে প্রায় ৮৫ হাজার শিক্ষকের পদ শূন্য থাকলেও বিপরীতে বদলির আবেদন করেছেন মাত্র প্রায় ১৩ হাজার শিক্ষক। এমন পরিস্থিতিতে বদলির সুযোগ অযৌক্তিকভাবে সীমিত রাখার বিধানকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী ১৩ জন শিক্ষক।