বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন ৩৪ জন শীর্ষ কর্মকর্তা দুই সপ্তাহের বিশেষ ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে’ অংশ নিতে পাকিস্তান সফরে গেছেন। রোববার (৮ নভেম্বর) কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে অবস্থিত দেশটির মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলটিকে বিমানবন্দরে উষ্ণ বিদায় জানাতে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এর আগে প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তাদের সম্মানে নিজের বাসভবনে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার।
অনুষ্ঠানে ইমরান হায়দার বলেন, প্রাতিষ্ঠানিক সংযুক্তি, পেশাদারিত্ব বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবনে এই প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করবে। তিনি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক অভিন্ন বন্ধনের কথা স্মরণ করে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল গভর্ন্যান্স, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
হাইকমিশনার জানান, ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরকালে ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ রূপরেখা বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন এবং আরও ২০ জন শিক্ষার্থী দ্রুতই সেখানে যোগ দিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের শুরুর দিকে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি কর্মকর্তা প্রথম ব্যাচ হিসেবে এ এক্সিকিউটিভ লিডারশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ব্যাচ হিসেবে ৩৪ জনের এই বৃহৎ দল লাহোরে প্রশিক্ষণে অংশ নিচ্ছে।