বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আনা এবং নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় বহুমাত্রিক অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে এবার আনুষ্ঠানিক ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২১ সদস্যবিশিষ্ট এই উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদে সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সাবেক আমলা, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্থান পাচ্ছেন।
বুধবার (১১ নভেম্বর) দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপি আত্মপ্রকাশের পর বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আলাদা ফোরাম গঠন করলেও নীতি-নির্ধারণে সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিক কোনো উপদেষ্টা পরিষদ এই প্রথম গঠন করা হলো। জাতীয় রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে দলকে কৌশলগত দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন এই পরিষদের সদস্যরা। পরবর্তীতে তাদের সুপারিশগুলো এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ চূড়ান্ত পর্যালোচনার পর মাঠপর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
২১ সদস্যের এই উপদেষ্টা পরিষদে প্রাথমিকভাবে যাদের নাম চূড়ান্ত হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান
সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান
সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক
অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ
প্রকৌশলী সাবিনা আহমেদ
বিশিষ্ট আলেম মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী