বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি ২০২৬ সালে দক্ষিণ ভারতীয় লেডি সুপারস্টার নয়নতারার পাঁচটি ভিন্ন ভাষার সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতীয় গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে তাঁর অভিনীত সিনেমাগুলোর বিশ্বব্যাপী সম্মিলিত বক্স অফিস আয় দাঁড়িয়েছে প্রায় ৭৫০ কোটি রুপি। তবে এই চোখধাঁধানো বাণিজ্যিক অঙ্কের আড়ালে লুকিয়ে রয়েছে তীব্র মিশ্র অভিজ্ঞতার গল্প। ‘মানা শঙ্কর বরপ্রসাদ গারু’ বিপুল বাণিজ্যিক সাফল্য এনে দিলেও অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে দুর্বল চিত্রনাট্য, অসংলগ্ন নির্মাণ এবং চরিত্র নির্বাচনে দূরদর্শিতার অভাবে কঠোর সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
বছরজুড়ে মালায়লামের তারকাবহুল পলিটিক্যাল থ্রিলার ‘প্যাট্রিয়ট’-এ সংক্ষিপ্ত উপস্থিতি থেকে শুরু করে মেগা বাজেটের কন্নড়-প্যান ইন্ডিয়ান প্রজেক্ট ‘টক্সিক’-এ যশের বোনের ভূমিকায় অভিনয়—বহুমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা ছিল তাঁর। এছাড়া মাঝারি পরিসরের রোমান্টিক কমেডি ‘হাই’-তে কেন্দ্রীয় চরিত্র কিংবা ‘মুকুথি আম্মান টু’-তে আবারও দেবীর রূপ ধারণ করেছেন তিনি। তবুও চলচ্চিত্রপ্রেমী ও বিশ্লেষকদের বড় প্রশ্ন—নয়নতারার মতো প্রভাবশালী অভিনেত্রীর জন্য নির্বাচিত গল্পগুলো কতটা মানানসই ছিল? কেবল বড় বাজেট ও তারকানির্ভর চমক খুঁজতে গিয়ে অভিনয়ের শক্তিশালী সুযোগ হারিয়ে ফেলছেন না তো তিনি?
নয়নতারার ২০২৬ সালের যাত্রা শুরু হয়েছিল মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে অনিল রবিপুড়ির তেলেগু পারিবারিক এন্টারটেইনার ‘মানা শঙ্কর বরপ্রসাদ গারু’ দিয়ে। বক্স অফিসে প্রায় ৩০০ কোটি রুপি আয় করে ছবিটি বাণিজ্যিকভাবে চূড়ান্ত সফল হয়। চিরঞ্জীবীর সাথে তাঁর পর্দায় রসায়ন দর্শকদের মন ভরালেও অভিনয়ের দিক থেকে নয়নতারার জন্য এটি কোনো বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি।
এরপর মালায়লামের দুই জীবন্ত কিংবদন্তি মাম্মুট্টি ও মোহনলালের সঙ্গে বহুপ্রতীক্ষিত ‘প্যাট্রিয়ট’ সিনেমায় আইনজীবী লতিকা চরিত্রে দেখা যায় তাঁকে। কিন্তু আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে ছবিটি বক্স অফিসে মাত্র ৮০ কোটি রুপিতে থমকে যায়। বহু তারকার ভিড়ে চিত্রনাট্যে তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত, যা ভক্তদের হতাশ করে।
নয়নতারার চেনা রোমান্টিক ও পারিবারিক বলয় ভাঙার সবচেয়ে বড় বাজি ছিল গীতু মোহানদাসের গ্যাংস্টার ড্রামা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। রকস্টার যশের বোনের চরিত্র ‘গঙ্গা’ হিসেবে অন্ধকার জগতে পা রেখেছিলেন তিনি। মুক্তির পর বিশ্বজুড়ে ছবিটি প্রায় ৩৪০ কোটি রুপি ঘরে তুললেও অতিরিক্ত উচ্চ বাজেটের কারণে এটি বক্স অফিসে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। চিত্রনাট্যে ভারসাম্যের অভাব ও অতিরিক্ত সহিংসতার কারণে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, ছবিটির সম্ভাব্য আর্থিক লোকসান ৩০০ থেকে ৩৫০ কোটি রুপি পর্যন্ত হতে পারে। নয়নতারার সাহসী চরিত্রাভিনয় সত্ত্বেও গল্পের দুর্বলতায় তা হারিয়ে যায়।
পরবর্তীতে বড় ক্যানভাস ছেড়ে তরুণ অভিনেতা কাভিনের বিপরীতে বিষ্ণু এডাভানের পারিবারিক রোমান্টিক কমেডি ‘হাই’-তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন তিনি। কিন্তু দুর্বল গল্প ও দর্শকদের সঙ্গে সংবেদনশীল সংযোগের অভাবে সিনেমাটি বক্স অফিসে মাত্র ১৫ কোটি রুপিতে গুটিয়ে যায়।
বছর শেষের অন্যতম আলোচিত প্রজেক্ট ছিল ২০২০ সালের জনপ্রিয় ছবির সিক্যুয়েল ‘মুকুথি আম্মান টু’। সুন্দর সির পরিচালনায় পুলিশ কনস্টেবল ও দেবী—দ্বৈত রূপে হাজির হয়েছিলেন নয়নতারা। কিন্তু প্রথম কিস্তির মতো সামাজিক বার্তা ও স্যাটায়ারের ধার সিক্যুয়েলে বজায় থাকেনি। দুর্বল চিত্রনাট্য ও জাঁকজমকের ভিড়ে চার দিনে ভারতে এর নেট আয় দাঁড়িয়েছে ১৪ কোটি ৮ লাখ রুপিতে।
‘আরাম’, ‘মায়া’, ‘কোলামাভু কোকিলা’ কিংবা ‘আইরা’-র মতো চলচ্চিত্রে একক কাঁধে সিনেমা টেনে নেওয়া নয়নতারা বক্স অফিসে টিকিট বিক্রির ক্ষমতার প্রমাণ বারবার দিয়েছেন। তবে ৭৫০ কোটির বিপুল ব্যবসার চেয়েও বর্তমান সময়ে চলচ্চিত্রপ্রেমীরা তাঁর কাছ থেকে প্রত্যাশা করছেন এমন অর্থবহ চিত্রনাট্য, যা রূপালি পর্দায় দীর্ঘকাল তাঁর অভিনয় প্রতিভাকে বাঁচিয়ে রাখবে।