বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
৭৫০ কোটি আয় করেও কেন প্রশ্নের মুখে নয়নতারা? সাফের সেমির টিকিট নিশ্চিত করতে ভারতের সামনে মালদ্বীপ পরীক্ষা প্রকৃত শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়: রিজভী দরপতনের পর আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৬৪ নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত
নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার দায়ে মাদ্রাসাশিক্ষক ও পরিচালক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম জনাকীর্ণ আদালতে এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় দুই আসামি উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত একটি মানবিক ও তাৎপর্যপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ধর্ষণের শিকার হয়ে জন্ম নেওয়া কন্যাশিশুটি শিক্ষক সাগরের সন্তান হিসেবে সামাজিক ও আইনি স্বীকৃতি পাবে এবং সেই অনুযায়ী তার জন্মনিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া শিশুটির ভরণপোষণসহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে এবং রাষ্ট্র এই অর্থ সাগরের সম্পদ থেকে আদায় করবে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মদন উপজেলার কাইতাইল ইউনিয়নের একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন সাগর। মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। এই সুযোগে মসজিদের বারান্দা ও মাদ্রাসার শ্রেণিকক্ষ পরিষ্কারের কথা বলে শিক্ষক সাগর বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ এপ্রিল মদনের একটি ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে জানা যায় সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর গা-ঢাকা দেওয়া সাগরকে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। পরবর্তীতে আদালতের নির্দেশে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। সেখানে অবস্থানকালে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেয় ওই শিশু।

পরবর্তীতে নবজাতকের পিতৃত্ব নির্ধারণে আদালতের নির্দেশে সিআইডি ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে। বৈজ্ঞানিক প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। ডিএনএ রিপোর্টকে প্রধান প্রমাণ হিসেবে আমলে নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান গত ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও সিআইডির ডিএনএ প্রতিবেদন পর্যালোচনা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল শিক্ষক সাগরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com