বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সামরিক সংঘাত প্রশমিত হওয়ার ইতিবাচক সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার আশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রাকৃতিক গ্যাসের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন—ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ফলপ্রসূ চুক্তি হলে নতুন করে কোনো সামরিক হামলার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর এই ইতিবাচক বার্তার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থার পরিবর্তে কূটনৈতিক সমাধানের আবহ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নৌ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল হওয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বৈশ্বিক বাজারে তেল রপ্তানি স্বাভাবিক ধারায় ফেরার প্রত্যাশা তেলের দরপতনকে ত্বরান্বিত করেছে।
সোমবার গ্রিনিচ মান সময় ১২টা ৫০ মিনিটের আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২৬ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ১১ ডলারে নেমে এসেছে। গত সাত দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম কমেছে প্রায় ৯ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। সাপ্তাহিক হিসাবে ডব্লিউটিআই তেলের দাম কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ।
তেলের পাশাপাশি পরিশোধিত জ্বালানি পণ্যের দামেও বড় পতন দেখা গেছে। এদিন পেট্রলের দাম ১ দশমিক ৯২ শতাংশ কমে প্রতি গ্যালন ২ দশমিক ৭২ ডলারে এবং হিটিং অয়েলের দাম শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে গ্যালনপ্রতি ৪ দশমিক ৩০ ডলারে নেমেছে। এছাড়া ইউরোপের বাজারে পাইপলাইনে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের দাম ২ দশমিক ৩৭ শতাংশ কমে প্রতি মেগাওয়াট ঘণ্টায় দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৫৬ ইউরোতে; যা গত সাত দিনের ব্যবধানে প্রায় ১১ দশমিক ৯৬ শতাংশ দরপতন।