বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, রক্ষা পেল বড় ক্ষতি থেকে মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নেত্রকোণা প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তত ছয়টি বাসাবাড়িতে একযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব সহিংসতার ঘটনায় পৌরশহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পৌর শহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় দফায় দফায় এসব হামলার ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর একটি গোপন মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের দৌলতপুরের বাসভবন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিফুর রহমান রতনের টেংগাপাড়ার বাসা, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালের বাসা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসা এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত ও ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম সৈকতের মাইলোড়ার বাসভবন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহীদ ইকবালের বাড়ির প্রধান ফটক ভেঙে ইটপাটকেল ছুড়ে জানালার কাচ গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া লতিফুর রহমান রতনের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালানো হয়। সুলতান আহমেদ অভিযোগ করেন, তাঁর বাসার আসবাবপত্র ও ফ্রিজ ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। সমাপ্ত ও সৈকতের বাসাবাড়িতেও ভাঙচুর চালানো হয়।

ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “সারা জীবন সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক রেখেছি। কেবল আওয়ামী লীগ করার কারণে আমার বাড়িতে তিনবার হামলা ও লুটপাট করা হলো; ঘরে আর কিছুই অবশিষ্ট রাখা হয়নি।”

এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে ট্রেনের কর্মী, গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বগির চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি এবং নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

হামলার ঘটনায় স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা বিএনপিকে দায়ী করলেও তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ। তিনি বলেন, “কে বা কারা এ হামলা করেছে আমাদের জানা নেই। তবে আমাদের দল বা কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন।”

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ট্রেনের বিষয়টি রেলওয়ে পুলিশ তদারকি করছে। এছাড়া রাতে মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। বাসাবাড়িতে হামলার অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com