বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে সীমানাপ্রাচীর টপকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। তবে কার্যালয়ে থাকা নৈশপ্রহরীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় অবস্থিত ‘গ্রামীণ ব্যাংক আমতলা শাখা’ কার্যালয়ে এ নাশকতার ঘটনা ঘটে।
ঘটনার সময়ের প্রায় ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গামছা দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর হাতে থাকা একটি প্লাস্টিকের বোতল থেকে ব্যাংকের সামনের গ্রিলের দরজায় দ্রুত পেট্রল ঢেলে দেন এবং দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে প্রাচীর টপকে পালিয়ে যান।
গ্রামীণ ব্যাংকের আমতলা শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে দুর্বৃত্তরা সীমানাপ্রাচীর টপকে কার্যালয়ের মূল দরজার সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার বিষয়টি সাথে সাথে টের পেয়ে ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী দ্রুত ছুটে এসে নেভাতে সক্ষম হন। ফলে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথি বা সম্পদের ক্ষতি হয়নি; তবে সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং লোহার গ্রিলে পোড়া দাগ পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নেত্রকোণা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে সকালেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ব্যাংকের মূল ভবনের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি। শুধু বাইরের সাইনবোর্ড আংশিক পুড়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তদন্ত ও অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর একই উপজেলার মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের মৌগাতী শাখায় একইভাবে গভীর রাতে পেট্রল ঢেলে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ব্যাংক কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু নথিপত্র ভস্মীভূত হয়েছিল।