মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, রক্ষা পেল বড় ক্ষতি থেকে মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চালকের বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি; পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসা নাফিস এন্টারপ্রাইজের ‘আনন্দ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় মাথায় ও হাতে গুরুতর জখম হয়ে সদর হাসপাতালে ভর্তি হওয়া যাত্রী আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগম জানান, শুরু থেকেই চালক অত্যন্ত বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। বারবার যাত্রীরা গতি কমানোর জন্য অনুরোধ ও নিষেধ করা সত্ত্বেও চালক কর্ণপাত করেননি। শেষপর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে খাদে পড়ার উপক্রম হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com