বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মাতা নীতেশ তিওয়ারি নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত মেগা বাজেটের এই চলচ্চিত্রটি মুক্তির মাত্র সাত দিনের মাথায় বিশ্বব্যাপী ৯৩৪ কোটি রুপিরও বেশি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৫৫ কোটি টাকার বেশি) গ্রস আয় করে নতুন রেকর্ড গড়েছে।
প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ কোটি রুপি বিশাল বাজেটে নির্মিত সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পায়। বর্তমানে একযোগে ভারতের ৪ হাজার ৮০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ছবিটি। সিনেমাটিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতা চরিত্রে দক্ষিণী তারকা সাই পল্লবী এবং লঙ্কেশ রাবণের ভূমিকায় অভিনয় করেছেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ।
মুক্তির পর সীতা চরিত্রের উপস্থাপন নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও দর্শক উন্মাদনায় তার কোনো প্রভাব পড়েনি। বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, প্রথম সাত দিনে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৫১১ দশমিক ১০ কোটি রুপি এবং গ্রস আয় ৬১১ দশমিক ০৫ কোটি রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে গ্রস আয় এসেছে ৩২৩ দশমিক ৫০ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় ৯৩৪ দশমিক ৫৫ কোটি রুপি (প্রায় ১,২৫৫ কোটি ৪৮ লাখ টাকা)। অন্যদিকে ‘বলি মুভি রিভিউজ’-এর পরিসংখ্যানে বিশ্বব্যাপী এই আয় ৯৩৫ কোটি রুপি (১,২৫৬ কোটি টাকার বেশি) বলে উল্লেখ করা হয়েছে।
বক্স অফিস সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে নমিত মালহোত্রা ও যশ প্রযোজিত এই সিনেমা। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ সিনেমাটিকে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়ে বলেন, “বিশাল ক্যানভাস ও অপূর্ব দৃশ্যে ভরা সিনেমাটি দারুণ উপভোগ্য। এতে পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ এবং ডিজনির ‘দ্য লায়ন কিং’-এর শৈল্পিক ছাপ রয়েছে।”
বলিউডের প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সিনেমাটিকে পূর্ণ ৫-এ ৫ রেটিং দিয়ে মন্তব্য করেছেন, “‘রামায়ণ’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি অনন্য অভিজ্ঞতা, যা ভারতকে গর্বিত করে এবং কারিগরি উৎকর্ষে আন্তর্জাতিক মানদণ্ডের সমকক্ষ।” এছাড়া টাইমস অব ইন্ডিয়া ও ডিএনএ সিনেমাটিকে ৫-এ ৪.৫ এবং এনডিটিভি ৩ রেটিং দিয়েছে।
তারকাবহুল এই মহাকাব্যিক চলচ্চিত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সানি দেওল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর ও বিবেক ওবেরয়।