বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বর্তমান সরকার পতন ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল এবং নাশকতার চেষ্টার অভিযোগে নেত্রকোণার মোহনগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে ১নং প্রধান আসামি করা হয়েছে।
মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী জুবায়েদ আহমেদকে (২৩) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন মামলা রুজু ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহনগঞ্জ থানার বাহাম গ্রামের মৃত হাজী আব্দুল হামিদের ছেলে মো. মাজাহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলাটি থানায় আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি সাজ্জাদুল হাসান ছাড়াও শীর্ষ আসামিদের তালিকায় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। এর মধ্যে ২নং আসামি করা হয়েছে মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনকে এবং ৩নং আসামি করা হয়েছে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবালকে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থানাধীন কাজিয়াটি সাকিনস্থ মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে তারা একটি মশাল মিছিল বের করেন। এ সময় উসকানিমূলক স্লোগান দিয়ে সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি, রাস্তা অবরোধ, যানবাহনের ক্ষতিসাধন এবং বড় ধরনের নাশকতার চেষ্টা চালানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুর ইসলাম হারুন জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।