শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ-৩১’-এ অংশগ্রহণ ও বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

তুরস্কে তিন দিনের ব্যস্ত সরকারি সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচটি জরুরি প্রস্তাব পেশ করেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ও লন্ডনের মেয়রের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সরাসরি বিমান যোগাযোগ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

সফরকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজ ও মধ্যাহ্নভোজেও অংশ নেন তাঁরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com