শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। ১৮তম বার্ষিক এই সংস্করণে প্রথমবারের মতো তালিকার শীর্ষ তিনটি অবস্থান যৌথভাবে ভাগ করে নিয়েছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ শীর্ষ নেতা। পাশাপাশি গাজার অকুতোভয় চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের মিনাব শহরের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতি বছর এই প্রভাবশালী তালিকা প্রকাশ করে থাকে।
শীর্ষ তিনে যে পাঁচ নেতা
২০২৭ সালের সংস্করণে শীর্ষ তিনটি অবস্থানে যৌথভাবে স্থান পাওয়া পাঁচ নেতা হলেন—সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই পাঁচ নেতাকে শীর্ষস্থান দেওয়া হয়েছে।
শীর্ষ ১০ ও অন্যান্য উল্লেখযোগ্য অবস্থান
শীর্ষ তিনের পর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। বিশিষ্ট ইসলামী স্কলারদের মধ্যে পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের প্রখ্যাত আলেম হাবিব ওমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১৬তম স্থানে জায়গা পেয়েছেন।
‘ম্যান অব দ্য ইয়ার’ ও ‘ওম্যান অব দ্য ইয়ার’
এবারের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের শিশু চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া (সামগ্রিক তালিকায় ৫০তম)। গাজায় যুদ্ধের ভয়াবহতা, হাসপাতালে হামলা ও নিজের সন্তান হারানোর শোক সত্ত্বেও রোগীদের সেবা অব্যাহত রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে; তিনি এখনো ইসরায়েলের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে সাহসী বক্তব্য রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
তালিকায় ভারতের ২২ ব্যক্তিত্ব
২০২৭ সালের তালিকায় ভারতের ২২ জন মুসলিম ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী, শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং ডা. জাকির নায়েক অন্যতম।
যেভাবে নির্ধারিত হয় এই তালিকা
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের আনুমানিক ২২০ কোটি মুসলিমের মধ্য থেকে ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি ও অর্থনীতিতে অবদানের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। এতে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে এবং বাকি ৪৫০ জনকে ১৩টি বিশেষ বিভাগে স্থান দেওয়া হয়েছে।