বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। নুরুল ইসলাম নাহিদ সেখানে তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে থাকা আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।