শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা মন্তব্য করেছেন, ‘তারা ক্ষমা চাইবে কি না জানি না, তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
টকশোতে রুমিন ফারহানা বলেন, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। ফলে দলটিকে বাইরে রেখে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে ‘জাতীয় সংলাপ’ বলা যাবে না এবং এমন উদ্যোগ সফলও হতে পারে না।
আওয়ামী লীগকে আলোচনায় যুক্ত করার বিষয়ে এই সংসদ সদস্য বলেন, ‘আপনি তাদের আলোচনার টেবিলে আনুন। ন্যায়বিচার নিশ্চিত করুন।’
দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না তা তার জানা নেই; তবে নিজেদের চেয়ে ভালো শাসন দিতে পারলেই অন্যের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে বলে তিনি মনে করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বর্তমান পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সামনের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও কুয়াশাচ্ছন্ন উল্লেখ করে আগামী জানুয়ারির মধ্যে অনেক বিষয় পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা জানান, রাজনৈতিক মত ও পথের ভিন্নতার কারণে সমাজে বিভক্তি ও সহিংসতা বাড়ছে। রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্য কমে যাওয়ায় একে অপরের সঙ্গে বসে চা পান করা তো দূরের কথা, অনেকে মুখোমুখি হতেও আগ্রহী নন। দেশের রাজনীতির স্বার্থে এ ধরনের বিভাজন কমিয়ে পারস্পরিক যোগাযোগ ও সংলাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।