বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
একটি দেশবিরোধী অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে এবং দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার এসব কথা বলেন।
সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
সমাপনী বক্তব্যে স্পিকার আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছে। অধিবেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে তিনি রাষ্ট্রপতির আদেশ পাঠ করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মোট ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ৪টি বিল উপস্থাপিত ও পাস হয়েছে এবং ৩টি সংসদীয় কমিটি ও ১টি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য প্রাপ্ত ১৭৪টি প্রশ্নের মধ্যে তিনি ১৭টির উত্তর দেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য প্রাপ্ত ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টির উত্তর দেওয়া হয়।